আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ মাদাগাস্কারে নৌকাডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। গত সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী এলাকায় একটি কার্গো নৌকাডুবির ঘটনায় তারা মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এ দিকে মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষ বলছে, সোমবারের ওই নৌকাডুবির ঘটনায় বুধবার পর্যন্ত প্রাণ হারানোদের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ঘটনাটির জন্য এখন পাঁচজন নিখোঁজ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ রয়েছে।
রয়টার্স জানায়, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো হিসেবে বা পণ্য পরিবহনের জন্য অনুমোদিত ছিল। কিন্তু গেল সোমবার সেটি অবৈধভাবে যাত্রী পরিবহনের কাজ করতে গিয়ে ডুবে যায় এবং বিপুল সংখ্যক এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অবশ্য ১৭ জনের প্রাণহানির তথ্য জানানো হয়েছিল।
মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি (এপিএমএফ) জানিয়েছে, কার্গো নৌকা ডুবে যাওয়ার পর ৫০ জনকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ পাঁচজনের সন্ধানে বৃহস্পতিবার ফের উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হবে।
উল্লেখ্য, নৌকাডুবির ঘটনার পর উপকূলবর্তী এলাকায় পুলিশসহ উদ্ধারকারী দলের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন। এবার ঘটনাটির বিস্তর তদন্তকাজ শুরু হয়েছে।